৫ আষাঢ় ১৪৩৩ 21 june 2026 18:26
🌤 Kolkata …°
ব্রেকিং
🔴 ব্রেকিং নিউজ আন্তর্জাতিক

ডিসেম্বরেই ভারত-ইইউ বাণিজ্যচুক্তি! সস্তা হতে পারে BMW, Mercedes-সহ বিদেশি ওয়াইন

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বহু প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি চলতি বছরের ডিসেম্বরেই সই হতে পারে বলে জানালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। চুক্তি কার্যকর হলে ইউরোপীয় গাড়ি ও বিদেশি ওয়াইনের উপর শুল্ক কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

ডিসেম্বরেই ভারত-ইইউ বাণিজ্যচুক্তি! সস্তা হতে পারে BMW, Mercedes-সহ বিদেশি ওয়াইন

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘদিনের আলোচনার পর বাণিজ্যচুক্তি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল দুই পক্ষ। চলতি বছরের ডিসেম্বর মাসেই এই গুরুত্বপূর্ণ চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

রবিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ভারত-ইইউ বাণিজ্যচুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসে চুক্তি সই হওয়ার পর আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চ মাস নাগাদ তা কার্যকর হতে পারে।

পীযূষ গোয়েলের দাবি, এই চুক্তি কার্যকর হলে ইউরোপের বিশাল বাজার প্রায় শূন্য শুল্কে ভারতীয় পণ্যের জন্য উন্মুক্ত হয়ে যাবে। তাঁর কথায়, “বর্তমানে গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে এবং ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী।”

উল্লেখ্য, ২০০৭ সাল থেকেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছিল। দীর্ঘ আলোচনার পর চলতি বছরের জানুয়ারি মাসে দুই পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা গড়ে ওঠে।

যদিও চুক্তির সমস্ত শর্ত এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে সূত্রের খবর অনুযায়ী, ১৫ হাজার ইউরোর বেশি মূল্যের ইউরোপীয় গাড়ির উপর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে ভারত। এই প্রস্তাব কার্যকর হলে দেশের বাজারে BMW, Mercedes-Benz-সহ একাধিক ইউরোপীয় বিলাসবহুল গাড়ির দাম কমতে পারে।

শুধু গাড়িই নয়, ভারত-ইইউ বাণিজ্যচুক্তির আওতায় বিদেশি ওয়াইনের উপরও শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডের ওয়াইনও তুলনামূলক কম দামে পাওয়া যেতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

অর্থনৈতিক মহলের মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতীয় রপ্তানি, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে।