১ কার্তিক ১৪৩৩ • শুক্রবার 10:55 PM
🌤 Kolkata …°
ব্রেকিং
● জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলনে যোগ দিতে পারেন মমতাও! ● ২৮ বছর পর জোড়াফুল ছাড়া ভোট, মমতা-ঋতব্রত দুই শিবিরকেই লড়তে হবে নতুন নাম-প্রতীকে ● প্রতীক নিয়ে জটিলতার মধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। ● দর্শকের ভোটে ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় জয়িতা, কেন ছিটকে গেলেন প্রতিযোগী? ● ২২ বছরের অপেক্ষার অবসান! মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইতিহাস এডমুন্ডের ● তারাপীঠের পর কলকাতায় ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৯, অগ্নিনিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ● বিরোধী দলনেতা মামলায় কালীঘাট তৃণমূলের ধাক্কা, আপাতত ঋতব্রতই বহাল; ২ মাসে মামলার নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের ● টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা নিয়ে টানাপোড়েন, দুই শিবিরের আবেদন ঘিরে আদালতে মামলা ● মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে কেন্দ্রের কড়া বার্তা,মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র? ● প্রয়াত ‘লগান’ ও ‘গজনি’-খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, ৭৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন অভিনেতা
রাজ্য

উত্তরবঙ্গের জন্য উপচে পড়া বরাদ্দ! চা শিল্প থেকে AIIMS, মেট্রো থেকে বিমানবন্দর— বাজেটে একের পর এক ঘোষণা

বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে উত্তরবঙ্গকে ঘিরে একাধিক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। চা শিল্প, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, বিমানবন্দর, মেট্রো, সেচ ও অবকাঠামো উন্নয়নে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

উত্তরবঙ্গের জন্য উপচে পড়া বরাদ্দ! চা শিল্প থেকে AIIMS, মেট্রো থেকে বিমানবন্দর— বাজেটে একের পর এক ঘোষণা
—ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে উঠে এসেছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে বিজেপির সাফল্যের পিছনে উত্তরবঙ্গের বড় ভূমিকা রয়েছে। আর সেই প্রেক্ষাপটেই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে উত্তরবঙ্গকে ঘিরে একের পর এক বড় ঘোষণা করা হল।

সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত চা শিল্প, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, সেচ, পরিবহণ এবং অবকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন।

চা শিল্পের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। শিলিগুড়ি ও দার্জিলিংয়ের চা এবং কৃষি-প্রক্রিয়াকরণ শিল্পকে উন্নত করতে ১,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতে একটি আধুনিক ‘কমন টি প্রসেসিং সেন্টার’ এবং আন্তর্জাতিক মানের টি প্রসেসিং জোন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। চা শিল্পের জন্য আলাদাভাবে আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Crystal Veda

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গঠন করা হবে ‘চা শ্রমিক উন্নয়ন বোর্ড’। পাশাপাশি চালু করা হবে ‘পিএম চা শ্রমিক প্রোৎসাহন যোজনা’, যার মাধ্যমে আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সামাজিক সুরক্ষার সুবিধা দেওয়া হবে।

পর্যটন ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হয়েছে। দার্জিলিংকে আন্তর্জাতিক মানের ইকো-অ্যাডভেঞ্চার ও হেরিটেজ ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ট্রেকিং, র‍্যাফটিং, প্যারাগ্লাইডিং-সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার পর্যটনের পরিকাঠামো উন্নত করা হবে। একইসঙ্গে ডুয়ার্সকে জঙ্গল, বন্যপ্রাণী এবং আদিবাসী সংস্কৃতিভিত্তিক পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।

বাণিজ্য ও পরিবহণের সুবিধা কাজে লাগাতে শিলিগুড়িকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া শিলিগুড়ির বর্তমান আইটি পার্ক সম্প্রসারণে ২৬ কোটি টাকার নতুন বিনিয়োগের ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য ক্ষেত্রেও বড় পদক্ষেপের কথা জানিয়েছে সরকার। আলিপুরদুয়ার, কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিক্যাল কলেজ তৈরির পাশাপাশি উত্তরবঙ্গে AIIMS এবং একটি বিশেষ ক্যানসার হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তুফানগঞ্জ ও কালিয়াচকে নতুন মহিলা কলেজ তৈরির কথাও জানানো হয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শিলিগুড়ি-জলপাইগুড়ির মধ্যে মেট্রো প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চালানোর ঘোষণা করা হয়েছে। এছাড়া মালদহ ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

কৃষি ক্ষেত্রের উন্নয়নে তিস্তা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলার প্রায় ৩ লক্ষ ৪২ হাজার হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পে প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

এর পাশাপাশি উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, আইআইটি, আইআইএম এবং একাধিক অবকাঠামোগত প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গকে কেন্দ্র করে উন্নয়নের এক বিস্তৃত রূপরেখা তুলে ধরা হয়েছে।

Crystal Veda
Author

রাজনীতি,খেলা, রাজ্য এবং দেশের খবর।

লেখকের সমস্ত প্রতিবেদন →